নিজস্ব প্রতিবেদক //
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি ফটকের মাত্র ৫ গজের মধ্যে গড়ে উঠেছে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নাকের ডগায় বিধিমালা না মেনে এমন প্রতিষ্ঠান চালু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের এত কাছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। সেন্টারটি চালুর পর থেকেই এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য ও রোগী টানাটানি আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বিধিমালা অনুযায়ী সরকারি হাসপাতালের সীমানার এত কাছাকাছি এমন প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ না থাকলেও নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জসিম উদ্দিন খান দাবি করেন, সিভিল সার্জন পরিদর্শনের পরই এটি চালু করা হয়েছে।
তবে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. সুমি আক্তার জানান, প্রতিষ্ঠানটি এখনো কোনো লাইসেন্স পেয়েছে বলে তাঁর জানা নেই। বিষয়টি নিয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস এম এ মনজুর এলাহীর সাথে কথা বললে তিনি স্পষ্ট করে জানান:
আমি শুধুই পরিদর্শন করেছি, কোনো অনুমোদন দিইনি। এমনকি ওই প্রতিষ্ঠানের লাইসেন্সও এখনো প্রদান করা হয়নি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।