বিষয়: সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আমাদের সুস্পষ্ট বক্তব্য।
প্রিয় বরিশালবাসী এবং আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ,
বরিশাল নগরীর চৌমাথায় অবস্থিত আপনাদের আস্থার প্রতিষ্ঠান ‘দি ফ্যান্টাসি কুজিন’- এ মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আমরা এই বিবৃতির মাধ্যমে প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরতে চাই।
প্রকৃত ঘটনা কী ছিল?
মঙ্গলবার দুপুরে চারজন সম্মানিত গ্রাহক চিকেন বিরিয়ানি অর্ডার করেন, একটি বিরিয়ানিতে চুলের অস্তিত্ব পাওয়া গেলে গ্রাহক ঘটনাটি আমাদের ম্যানেজারকে অবগত করেন, তখন চিকেন বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় আমাদের ম্যানেজার তাকে বিকল্প কোন খাবার অর্ডার করার জন্য অনুরোধ করেন, আমাদের টেবিলে এবং রেস্টুরেন্টের বাহিরে বড় করে মেনু এবং সাইনবোর্ড আকারে বিফ কাচ্চি উপস্থাপন করা রয়েছে, গ্রাহক কাচ্চি অর্ডার করায় আমাদের ম্যানেজার সাহেব নিজেই তাকে বিফ কাচ্চি পরিবেশন করেন, কিছুক্ষণ পরে গ্রাহক ম্যানেজারকে জানান যে তিনি হিন্দু ধর্মাবলম্বী, সাথে সাথে ম্যানেজার সাহেব খাবারটি সরিয়ে ফেলেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং গ্রাহকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং তাৎক্ষণিকভাবে সেখানেই বিষয়টির সম্মানজনক সমাধান করেছেন।
অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি সাধারণ ভুলকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হিসেবে রং দিয়ে কিছু জায়গায় অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনভিপ্রেত।
আমাদের অবস্থান ও গৃহীত পদক্ষেপ:
বিনীত দুঃখপ্রকাশ: আমরা আবারও স্পষ্ট করে বলছি, এটি কোনোভাবেই উদ্দেশ্যমূলক ছিল না। আমাদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা বিনীতভাবে দুঃখিত।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধা: ‘দি ফ্যান্টাসি কুজিন’ সব ধর্ম, বর্ণ ও মানুষের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। দীর্ঘদিনের ব্যবসায়িক পথচলায় আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সেবা দিয়ে আসছি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো চিন্তা আমাদের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
দায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা: কর্তব্যে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরিবেশনকারী কর্মীকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কিচেন ও সার্ভিস ম্যানেজমেন্টে আরও কঠোর নিয়ম চালু করা হয়েছে।
আমাদের বিনীত অনুরোধ:
আমরা দেশের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং যেকোনো তদন্তে শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ— সম্পূর্ণ সমাধান হয়ে যাওয়া একটি অনিচ্ছাকৃত ভুলকে কেন্দ্র করে কোনো অপপ্রচারে কান দেবেন না। দয়া করে ভুল তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকুন।
আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে চলার পাথেয়।
বিনীত,
নাজিয়া রশিদ
পরিচালক , দি ফ্যান্টাসি কুজিন
চৌমাথা, বরিশাল।
তারিখ: ২২ জুলাই, ২০২৬