প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব মাহাদী আমিনের একান্ত সচিব এবং বরিশালের কৃতি সন্তান মো. মাহবুবুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
সম্প্রতি ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিন হাওলাদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মো. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত শিক্ষকরা তার কর্মজীবনের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দেশের পাশাপাশি বরিশালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. মাহবুবুর রহমান বরিশালের গর্বিত সন্তান এবং শতবর্ষী বি এম স্কুলের একজন কৃতি ছাত্র। তার মেধা ও দায়িত্বশীলতা ইতোমধ্যেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ এনে দিয়েছে, যা বরিশালবাসীর জন্য গৌরবের বিষয়।
এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব আহমেদ উপস্থিত থেকে মো. মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বরিশালের শিক্ষা, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মো. মাহবুবুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে তার কর্মময় জীবন আরও সফল ও উজ্জ্বল হবে।


