॥ দরজায় কড়া নারছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের এই আবহে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠছে পাড়া-মহল্লা। প্রার্থীদের পদচারনায় ভোটের মাঠ এখন সরগরম হয়ে উঠছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে ভোটের মাঠে রয়েছেন বিএনপি থেকে সদ্য বহিস্কৃত কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, দাড়িপাল্লা প্রতীকে কামরুল ইসলাম খান, হাতপাখা প্রতীকে রাসেল সরদার মেহেদী, জেপির সাইকেল মার্কা নিয়ে ছেরনিয়াবাত সেকেন্দার আলী সহ মোট পাঁচজন প্রার্থী।
এসব প্রার্থীরা প্রতিদিনই কর্মী-সমর্থকদের নিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ গাড়িতে চড়ে কেউ আবার ভ্যানযোগে কিংবা পায়ে হেটে। কেউ করছেন সভা-সমাবেশ কেউবা আবার ভোটারদের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরছেন আপন মনে।
এ আসনটিতে প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। তবে প্রচার-প্রচারনায় ভিন্নমাত্রা যোগ করেছেন এলাকায় ক্লীন ইমেজের প্রার্থী হিসেবে পরিচিত ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এরইমধ্যে প্রচারনায় তার আবেগ তাড়িত কথা-বার্তা এবং সর্বশ্রেনী পেশার মানুষকে (পুরুষ) আপন করে বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। তার ব্যক্তিত্ব ও মার্জিত ব্যবহারের কারনে ইতিমধ্যে নিজেকে একজন নিরহংকার প্রার্থী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার এ ধারা অব্যাহত থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ ভোটাররা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের দিকে ঝুকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।
দুই উপজেলার একাধিক সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে-বিগত দিনে তারা স্বাভাবিক ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নাই। এবছর তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা আরো জানিয়েছেন-আমরা সাধারণ ভোটাররা প্রত্যেক প্রার্থী এবং তাদের নেতাকর্মীদের কর্মকান্ড পর্যালোচনা করে যাচ্ছি। যাকে ভোট দিলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে, অন্যায়-অত্যাচার থেকে মুক্তি পাবে সেই প্রার্থীকেই সাধারণ ভোটাররা বেছে নিবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।